অনলাইন সংবাদকর্মীর ওপর হামলায় উদ্বেগ
আইসিটি ও টেলিকম সহ বিভিন্ন বিটের সক্রিয় জ্যেষ্ঠ সাংবাদিক জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সিরাজুজ্জামান হেলালের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বৃহত্তর ময়মনসিংহ রিপোর্টার্স ফোরামের (জিএমআরএফ) সভাপতি কবির আহমেদ খান ও সাধারণ সম্পাদক রুকনুজ্জামান অঞ্জন। তিনি এই সংগঠনের কোষাধ্যক্ষও।
এছাড়া বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচনী কমিটির সদস্য এবং রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির যুগ্ম-সাধারণ সম্পাদক।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে সিরাজুজ্জামান বলেন, তেজগাঁও সাতরাস্তা হয়ে মোটরসাইকেলে সংসদ ভবনের দিকে যাওয়ার সময় তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে অজ্ঞাত পরিচয়ের ৪/৫ জন মোটরসাইকেল থামায়। তারা আমাকে বলে, ‘তুই সাংবাদিক, লাইভ করোস।’ আমি হ্যাঁ বলার পর অতর্কিতভাবে তারা আমাকে ট্রাকের পাশে নিয়ে গালে, বুকে, মাথায়, হাঁটু, পেট ও পিঠে লাঠিসোটা দিয়ে মারতে থাকে এবং শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার চেষ্টা করে।
কেন এমন করতে পারে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সম্ভবত লাইভ রিপোটিংয়ের জন্য।
সূত্রমতে, শনিবার (১৮ জুন) দুপর আড়াইটার দিকে ৪/৫ জন তার ওপর অতর্কিত হামলা চালায়। ওইদিনই জিএমআরএফ এক প্রতিক্রিয়ায় সংগঠনটির পক্ষ থেকে এ প্রতিবাদ জানান নেতৃদ্বয়। একই সঙ্গে সংগঠনটিরর পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে।
সংগঠনটির পক্ষে বলা হয়, রাজধানীর তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে পেশাদার সাংবাদিক সিরাজুজ্জামানের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ঘৃন্য ন্যক্কারজনক হামলার সংঙ্গে জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত জোর দাবি জানাই।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম আজাদ বলেন, ভুক্তভোগী সাংবাদিক থানায় সশরীরে এসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।